মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার কঁচা নদীর ওপর নির্মিত বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি স্টিলের ট্রলার, গ্যাস সিলিন্ডার ও পাইপ কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৫ অক্টোবর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—হুমায়ূন হাওলাদার, মাহাবুব শেখ, আমির হোসেন, বারেক শেখ, মো. সুমন সানা, মো. মিরাজুল ফকির, মো. সাদ্দাত শেখ, মো. সিয়াম হাওলাদার, আব্দুল জব্বার ভুট্ট ও মিরাজ শেখ।
পুলিশ ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সেতুর পিলারের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে নদীর তলদেশে ভারী লোহার পাইপ স্থাপন করা হয়েছিল। রোববার গভীর রাতে একটি চক্র সেতুর পিলারের পাশ থেকে গ্যাস কাটার দিয়ে আনুমানিক ১০০ ফুট দীর্ঘ একটি পাইপ কাটছিল। পরে সেটি ট্রলারে তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশের ধারণা, কাটা পাইপটির বাজারমূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাইপ কাটার সময় ১০ জনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, অভিযানে চুরির কাজে ব্যবহৃত স্টিলের ট্রলার, গ্যাস সিলিন্ডার ও পাইপ কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী পুলিশের কাছে তদবির করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, তিনি আটক ব্যক্তিদের সঙ্গে থানায়ও অবস্থান করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হেমায়েত বেপারী গ্রেপ্তার হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তিনি গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন।
হেমায়েত বেপারীর দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন তাঁর এলাকার বাসিন্দা হওয়ায় তাঁদের বিষয়ে খোঁজ নিতে তিনি থানায় গিয়েছিলেন। পাইপ চুরির ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, পাইপ চুরির ঘটনার সঙ্গে হেমায়েত বেপারীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, বেকুটিয়া সেতুর নিচে পাইপ কাটার সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি ট্রলার জব্দ করা হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, হেমায়েত বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দলীয়ভাবে তদন্ত করা হবে। কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।