গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর বড় ভাই ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান জানান, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মাহবুব আলী খান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন মাহবুব আলী খান। পরবর্তী সময়ে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০২২ সালের ১ ডিসেম্বর তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। আত্মগোপনে থাকা অবস্থায়ই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।