প্রতিদিন অন্তত ১০-১৫ বার ভালোবাসার কথা বলেন রাশমিকা
বিয়ের পর সংসার জীবন, প্রেম এবং নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আসছে তাঁদের নতুন ছবি ‘রানাবালি’। বিনোদন সংবাদ।
বিনোদন: চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ অনলাইনে অননুমোদিতভাবে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের একটি সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও শুটিং সেটের নিরাপত্তা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’-এর অভিনেতা অনিরুদ্ধ সূর্য।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ৩’-এর একটি পর্বে অভিনয় করেছেন অনিরুদ্ধ। রাধিকা আপ্তের সঙ্গে তাঁর পর্দায় কাজের সুযোগ খুব বেশি না হলেও সহকর্মীর এমন অভিজ্ঞতার বিষয়টি তিনি অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন।
মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেন, বর্তমানের সিনেমা ও ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য অনেকটাই স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। এসব দৃশ্যের শুটিংয়ে অভিনয়শিল্পীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টিমেসি কোঅর্ডিনেটরও থাকেন।
তবে তাঁর মতে, অন্তরঙ্গতা ব্যক্তিগত বিষয় হওয়ায় এর ফুটেজ অনুমতি ছাড়া প্রকাশ্যে চলে এলে তা সংশ্লিষ্ট অভিনয়শিল্পীর জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
অনিরুদ্ধ বলেন, তিনি নিজে এখনো কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি এবং মূলত কমেডি ঘরানার চরিত্রে কাজ করেছেন। তাই এমন পরিস্থিতির ব্যক্তিগত অভিজ্ঞতা তাঁর নেই। তবে অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে চলে এলে সেটি যে অস্বস্তিকর, তা সহজেই অনুমেয় বলে মন্তব্য করেন তিনি।
শুটিং সেটে গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলা হয় বলে জানান অনিরুদ্ধ। তাঁর ভাষ্য, সেটে কাজ করা কলাকুশলীদের অনেক ক্ষেত্রেই গোপনীয়তা চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) স্বাক্ষর করতে হয়। অনুমতি ছাড়া ফুটেজ ধারণ বা প্রকাশের সুযোগ নেই।
রাধিকা আপ্তের ক্ষেত্রে ফুটেজটি ঠিক কীভাবে বাইরে এসেছে, সে বিষয়ে নিশ্চিত নন অনিরুদ্ধ। তবে তাঁর ধারণা, সেটের ভেতর থেকে কেউ অথবা বাইরে থেকে কোনো ব্যক্তি অননুমোদিতভাবে মুঠোফোনে দৃশ্যটি ধারণ করে থাকতে পারেন।
তবে তিনি মনে করেন, সেটের কর্মীরা সাধারণত এ ধরনের কাজ করেন না। কারণ এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।
অভিনয়শিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে অন্তরঙ্গ বা সংবেদনশীল দৃশ্যের শুটিংয়ের সময় সেটে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন অনিরুদ্ধ।
তাঁর মতে, শুটিং চলাকালে মুঠোফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা গেলে অননুমোদিতভাবে ছবি বা ভিডিও ধারণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
অনিরুদ্ধের এই বক্তব্যের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় শুটিং সেটে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।