সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের সব ধরনের সহায়তার নির্দেশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ব্যতিরেকে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে এবং আগামী ১৮ নভেম্বর এই অধিবেশন সমাপ্ত হবে; তবে প্রয়োজন সাপেক্ষে অধিবেশনের কার্যদিবস ও সময় পরিবর্তন করার পূর্ণ ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল এবং গত তৃতীয় অধিবেশনের পর জারিকৃত তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া এ অধিবেশনে মন্ত্রীদের উদ্দেশে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন ছাড়াও মনোযোগ আকর্ষণের ৯২টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো জাতীয় সংসদ চত্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ধুমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত সকলে তা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ও গ্রহণ করেন।
বৈঠক চলাকালীন সংসদ চত্বরে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান যে, সৌরবিদ্যুৎ থেকে প্রায় সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যেখানে অধিবেশন চলাকালে সংসদের নিজস্ব বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ছয় মেগাওয়াট। ফলে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষাগারের (স্টোরেজ) যথাযথ সুবিধা রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া সাউন্ড সিস্টেমের আধুনিকায়ন, ই-পার্লামেন্ট কার্যক্রমের অগ্রগতি এবং শূন্য পদে জনবল নিয়োগের বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, মন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দ এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।