ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হলো। ৯ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশনে মোট ৮টি বৈঠক হয়েছে। শেষ দিনে সংসদে তিনটি বক্তব্যই ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ — স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্য। তিনজনই ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই কথা বলেছেন — জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, ফ্যাসিবাদকে ফিরতে দেওয়া যাবে না।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ৩৮ মিনিট বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে তিনি প্রথমবারের মতো এতটা জোরালোভাবে নিজের ভয়েস রাইজ করেছেন। এটাই এই অধিবেশনের সবচেয়ে ইতিবাচক দিক।
তিনি স্পষ্ট করে বলেছেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছে।”
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপি নেতা নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্র ও ইতালিতে হামলার ঘটনাকে তিনি এর প্রমাণ হিসেবে তুলে ধরেন।
তার বার্তা ছিল পরিষ্কার — “চব্বিশে আমরা পলাতক স্বৈরাচারকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক স্লোগান স্মরণ করিয়ে দেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি দল-মত নির্বিশেষে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় সব গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সংসদে মতের ভিন্নতা থাকবে, যুক্তির লড়াই থাকবে — কিন্তু জাতির প্রশ্নে ঐক্য ভাঙা যাবে না। প্রধানমন্ত্রী যদি এই কঠোর ভয়েস সবসময় ধরে রাখতে পারেন, তাহলে সংসদ সত্যিই কার্যকর হবে।
একই অধিবেশনে তিনি অর্থনীতির সুখবরও দিয়েছেন — রিজার্ভ ২৫.৯০ বিলিয়ন থেকে বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার হয়েছে, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া যাবে, ঢাকায় ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল বসছে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার সমাপনী বক্তব্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আবার সেই ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।
তার ভাষায়, “আমাদের আন্দোলন একাধারে দেশের ভেতরে ফ্যাসিবাদের এবং আধিপত্যবাদবিরোধী ছিল। দুঃখের বিষয়, আমরা আধিপত্যবাদের কালো ছায়া এখন আবার হালকা অনুভব করছি। সরকারকে বুক টান করে, পায়ের নলা শক্ত করে, সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে পুরো জাতি সরকারের সাথে থাকবে।”
তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্য — শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা রক্ষা করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। সরকার যদি এই কাজ করে, লীগের প্রশ্নে সরকার জামায়াতকে পাশে পাবে।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল চাঁদাবাজি নিয়ে। তিনি বলেননি — অমুক দল চাঁদাবাজ, তমুক দল ভালো। তিনি বলেছেন, “চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। ঠেলাঠেলির দরকার কী? যেই চাঁদাবাজ তারেই ধরেন। আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান। কাউকে ছাড় দেওয়া যাবে না।”
এটা সংসদে বিরল সততা।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং তো আছেই, দুর্নীতি ও চাঁদাবাজি সর্বত্র ছড়িয়ে পড়েছে। দ্রব্যমূল্য দ্বিগুণ-তিনগুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়। সরকারি দল-বিরোধী দল সবাই এটা ফিল করে। তাহলে কেন বন্ধ করতে পারবো না? শুধু একটা মজবুত সিদ্ধান্তের প্রয়োজন।
তিনি সরকারকে স্পষ্ট করে বলেন — মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করবো, ভুল হলে ধরিয়ে দেবো। আমাদের সমালোচনাও সরকারকে গ্রহণ করতে হবে।
অধিবেশন মুলতবি করার আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সতর্ক করে বলেন, একটি রাষ্ট্রবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র করছে, যাতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।
এই অধিবেশন প্রমাণ করেছে — কথা বলার সময় শেষ, এখন বাস্তবায়নের সময়। প্রধানমন্ত্রীর কঠোর বার্তা, বিরোধীদলীয় নেতার ঐক্যের আহ্বান, চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান আর স্পিকারের সতর্কবার্তা — এই চারটি মিললেই জাতীয় ঐক্য গড়ে উঠবে।
জামায়াত প্রস্তুত আছে। শর্ত একটাই — জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এর বাইরে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ এগিয়ে গেলে, জাতি তাকে ক্ষমা করবে না।
লেখক; আতাউর রহমান মিন্টু, প্রকাশক ও সম্পাদক, দৈনিক শব্দমিছিল,ঢাকা।