বিনোদন প্রতিবেদক : মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড মেগাস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। বিশ্বখ্যাত প্ল্যাটফর্ম আইএমডিবি (IMDb)-এর ২০২৬ সালের ‘সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার’ তালিকায় ১ নম্বর স্থান দখল করেছে ছবিটি। রণবীর কাপুরের ‘রামায়ণ’ ও বিজয়ের ‘জন নায়ক’-এর মতো বিগ বাজেট ছবিগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ‘কিং’।
আইএমডিবি জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর আগ্রহের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। তালিকায় থাকা ২০টি ছবির মধ্যে ১০টিই হিন্দি ভাষার। ‘কিং’ সিনেমাটি নিয়ে ভক্তদের বাড়তি আগ্রহের কারণ এতে শাহরুখের সাথে তাঁর কন্যা সুহানা খানের অভিষেক এবং অভিষেক বচ্চনের নেতিবাচক চরিত্রে উপস্থিতি। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজারকে আরও প্রসারিত করবে বলে ধারণা করা হচ্ছে।