অর্থনৈতিক প্রতিবেদক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
গত ৮ জানুয়ারি আকু বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমলেও এক সপ্তাহের ব্যবধানে তা পুনরায় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ এবং রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভে এই উন্নতি সম্ভব হয়েছে। উল্লেখ্য, বর্তমান রিজার্ভ দিয়ে আগামী কয়েকমাসের আমদানি ব্যয় স্বাচ্ছন্দ্যে মেটানো সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা।