জাতীয়

গাবতলী থেকে দাশেরকান্দি ২৮ মিনিটে যাতায়াতে এমআরটি লাইন-৫

ঢাকা: গাবতলী থেকে দাশেরকান্দি যেতে সময় লাগবে মাত্র ২৮ মিনিট। ব্যস্ত সময়ে সাড়ে চার মিনিট পরপর চলবে ট্রেন। প্রতিটি ট্রেনে একসঙ্গে ১ হাজার ৯০৮ জন যাত্রী পরিবহণের সুযোগ থাকবে। ঢাকার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট।

১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল প্রকল্পটি বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের জন্য রাখা হয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। তবে একনেকের কার্যতালিকায় থাকলেও শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রকল্পটির প্রায় সব প্রস্তুতিমূলক কাজ এগিয়ে যাওয়ায় একনেকে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট উইং প্রেজেন্টেশনও তৈরি করেছে। তবে শেষ মুহূর্তে প্রকল্পটির অনুমোদন না দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে সূত্র জানিয়েছে।

সূত্রের ভাষ্য, এমআরটি-৫-এর আগে অন্য একটি উন্নয়ন সহযোগী দেশের অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনায় থাকা দুটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি এমআরটি-৫-এর পরামর্শক নিয়োগে যোগসাজশের অভিযোগও তুলেছে একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান। এসব কারণে প্রকল্পটির অনুমোদন নিয়ে শেষ মুহূর্তে জটিলতা তৈরি হয়েছে।

উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কাওরান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে মেট্রোরেলটি।

পুরো রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ এবং ৪ দশমিক ১০ কিলোমিটার উড়ালপথ। এ পথে মোট ১৫টি স্টেশন নির্মাণ করা হবে। এর মধ্যে ১১টি থাকবে পাতাল এবং চারটি উড়াল স্টেশন।

প্রকল্পে শুরুতে ছয়টি কোচের ১৯টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ট্রেনে সর্বোচ্চ ১ হাজার ৯০৮ জন যাত্রী পরিবহণ করতে পারবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) হিসাবে, প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৯ লাখ ২৪ হাজার যাত্রী এ রুট ব্যবহার করতে পারবেন।

তবে পাতালপথের পরিমাণ বেশি হওয়ায় নির্মাণ ব্যয়ও তুলনামূলক বেশি। প্রকল্পের হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে গড়ে ব্যয় পড়ছে প্রায় ২ হাজার ৬৪০ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ বলেন, ঢাকার যানজট কমাতে মেট্রোরেলের কোনো বিকল্প নেই। পর্যায়ক্রমে সব মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের দিকে এগোতে হবে। তবে এর সুফল তখনই পাওয়া যাবে, যখন সব রুট চালু হবে।

এমআরটি-৫ সাউদার্ন প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল আরও বেশি। আগের সরকারের সময়ে নেওয়া পরিকল্পনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন মেয়াদ ধরে প্রকল্পটির ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৫৪ হাজার ৬১৮ কোটি ৯৬ লাখ টাকা।

পরবর্তী সময়ে প্রকল্পটি পুনরায় পর্যালোচনা করে বিভিন্ন খাতের ব্যয় কমানো হয়। সর্বশেষ প্রস্তাবে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ আগের হিসাবের তুলনায় ব্যয় কমেছে ৯ হাজার ১১৫ কোটি ১৯ লাখ টাকা বা ১৬ দশমিক ৬৯ শতাংশ।

তবে ব্যয় কমার পুরোটা প্রকৃত সাশ্রয় নয়। বিদেশি ঋণের সুদ ও কমিটমেন্ট চার্জের মতো কিছু দায় প্রকল্প ব্যয় থেকে বাদ দেওয়া হয়েছে। ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর পরিশোধযোগ্য সুদ ও কমিটমেন্ট চার্জ বাবদ প্রায় ২ হাজার কোটি টাকা প্রকল্পের হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নিয়মিত প্রক্রিয়ায় অর্থ বিভাগ এ অর্থ পরিশোধ করবে। ফলে প্রকল্পের হিসাব কমলেও সরকারের ওপর থেকে ওই আর্থিক দায় পুরোপুরি যাচ্ছে না।

গত ১৬ জুলাই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত পর্যালোচনা সভায়ও প্রকল্পটির ব্যয় কমানো হয়। ওই সভায় ৪৭ হাজার ৬৩৪ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাব থেকে ২ হাজার ১৩১ কোটি ৪ লাখ টাকা বাদ দেওয়া হয়। পরে সংশোধিত ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

ব্যয় কমানোর ক্ষেত্রে ঋণের সুদ ও কমিটমেন্ট চার্জ ছাড়াও জমি অধিগ্রহণ, যানবাহন, পরামর্শক, সম্মানি ও প্রশাসনিক ব্যয়সহ বিভিন্ন খাত পর্যালোচনা করা হয়েছে। জমির প্রয়োজনও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। শুরুতে ২৩ দশমিক ০৯ হেক্টর জমির প্রয়োজন ধরা হলেও সংশোধিত প্রস্তাবে প্রয়োজন হবে ৯ দশমিক ১০৪ হেক্টর। এতে জমি অধিগ্রহণ ব্যয় প্রায় ১০০ কোটি টাকা কমবে।

তবে পুনর্বাসন খাতে বড় অঙ্কের অর্থ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৭১৬ কোটি টাকা।

প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বৈদেশিক ঋণ হিসাবে নেওয়া হবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।

এই ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ)। এডিবি সর্বোচ্চ ৩০০ কোটি মার্কিন ডলার এবং দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ ১৫০ কোটি ডলার ঋণের প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে ঋণ ছাড় করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত। এরই মধ্যে এডিবির কারিগরি সহায়তায় প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা, মৌলিক ও বিস্তারিত নকশা, দরপত্রে সহায়তা এবং জমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনার কাজ শেষ হয়েছে।

এখন একনেকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে প্রকল্পটি। অনুমোদন হলে অর্থায়ন চুক্তি, জমি অধিগ্রহণ ও ঠিকাদার নিয়োগসহ পরবর্তী কার্যক্রম শুরু করা যাবে। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন পাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

Related News

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নবম পে-স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট ও ভাতা

নবম জাতীয় পে-স্কেলে গ্রেডভেদে বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চিকিৎসা, মোবাইল ও অন্যান্য ভাতায় কী পরিবর্তন আসছে—জেনে নিন বিস্তারিত।

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল ও স্বচ্ছ করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

চারদিনের সরকারি সফরে জাপানে সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে জাপানে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা ছাড়

দেশের ৬০টি পৌরসভার ৭১টি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে। আজকের সভায় এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পের অনুমোদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

১৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ

২০২৬-২০২৭ অর্থবছরে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার।

৪৫ হাজার ৫০৪ কোটি টাকায় ঢাকায় মেট্রোরেল লাইন-৫

ঢাকার যানজট নিরসনে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্প অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত হবে রুট।

Search