জাতীয়

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

ঢাকা: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোচ্ছে।

এর আগে জুলাইয়ে আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো বা সম্মতি চাওয়া হয়। তবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের পক্ষ থেকে সেই সম্মতি দেওয়ার তথ্য প্রকাশ্যে আসেনি। কূটনৈতিক প্রথা অনুযায়ী, কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে স্বাগতিক দেশের এগ্রিমো প্রয়োজন হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে গুরুত্ব না দেওয়াই ভালো। ফলে সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা ভারতের সম্মতির ওপর নির্ভর করছে।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। প্রায় তিন দশকের কূটনৈতিক জীবনে তিনি এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সিয়াম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং নেদারল্যান্ডসের মাস্ট্রিখট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন।

দায়িত্ব পালনের সময়ে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সেখানে তিনি পালাউতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালক, চিফ অব প্রটোকল, ইন্সপেক্টর জেনারেল অব মিশনস এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। বিভিন্ন কূটনৈতিক প্রতিবেদনে তাঁকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

সিয়াম দিল্লিতে দায়িত্ব নিলে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তবে তাঁর নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার জন্য ভারতের এগ্রিমো পাওয়ার বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে রয়েছে।

Related News

জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি ও জনগণের আকাঙ্ক্ষা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

গুলশান থেকে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ভবিষ্যৎ পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসআরবির তিন দিনের অভিযানে গ্রেপ্তার ১৬৩, উদ্ধার অস্ত্র-মাদক

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পর তিন দিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। উদ্ধার হয়েছে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।

জাতিসংঘে জিয়া পরিবারের চার দশকের ধারাবাহিকতা

১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণে বাংলাদেশের স্বনির্ভর উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অগ্রাধিকার, দক্ষিণ এশীয় সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলেছিলেন জিয়াউর রহমান।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

চীন, জার্মানি ও ব্রাজিলে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলোতে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Search