পছন্দের নায়ক নায়িকার তালিকায় নিজেকেও রাখলেন অপু
পছন্দের নায়ক-নায়িকার নাম বলতে গিয়ে মৌসুমী, পূর্ণিমা, শাবনূর ও পপির সঙ্গে নিজের নামও যোগ করেছেন অপু বিশ্বাস। নায়কদের তালিকায় রয়েছেন রিয়াজ, ফেরদৌস, আমিন খান, শাকিব খান ও শাকিল খান।
বিনোদন: সন্তান জন্মের পর কেন দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন, সেই কারণ জানালেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তিনি জানিয়েছেন, কন্যাসন্তানের জন্মের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। ফলে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে তাঁর দীর্ঘ সময় লেগেছে। এর পাশাপাশি সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই প্রযোজক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’ মুক্তির কাজ সামলাতে গিয়ে শারীরিকভাবে আরও চাপের মধ্যে পড়েছিলেন তিনি।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, সন্তান জন্মের পর তিনি কিছুটা লোকচক্ষুর আড়ালে থাকতে চেয়েছিলেন। স্বাভাবিক প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শরীর দুর্বল হয়ে পড়েছিল এবং পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লেগেছিল। তিনি আরও জানান, সে সময় তাঁর ‘ব্রেন ফগ’ বা চিন্তাভাবনায় এক ধরনের ঝাপসা অনুভূতি তৈরি হয়েছিল।
রিচা জানান, সন্তান জন্মের ছয় থেকে আট মাসের মধ্যেই তিনি ‘গার্লস উইল বি গার্লস’ মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা, মুক্তির পরিকল্পনা ও অন্যান্য কাজ সামলানোর পাশাপাশি তাঁকে ছোট সন্তানকেও দেখাশোনা করতে হচ্ছিল।
এই পরিস্থিতিতে শারীরিকভাবে আরও চাপ তৈরি হয় বলে জানান তিনি। শেষ পর্যন্ত বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিতে হয় তাঁকে।
‘গার্লস উইল বি গার্লস’ ছিল রিচা চাড্ডা ও আলি ফজলের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা। ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও প্রশংসা পায় এবং রিচা প্রযোজক হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন।
শারীরিক ও ব্যক্তিগত ব্যস্ততার মধ্যেও পুরোপুরি কাজ থেকে দূরে ছিলেন না রিচা। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ হওয়ার সময়ও একটি ওটিটি শোর কাজ শেষ করেছেন। পাশাপাশি নিজের নন-ফিকশন সিরিজ ‘মুসাফিরি’-র গবেষণার কাজও করেছেন।
‘মুসাফিরি’ রিচার লেখা, উপস্থাপনা ও প্রযোজনায় তৈরি একটি নন-ফিকশন সিরিজ। এতে মুম্বাইয়ের মানুষ, ইতিহাস ও শহুরে জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সিরিজটির প্রথম পর্ব ২৫ সেপ্টেম্বর প্রকাশের কথা রয়েছে।
রিচা আরও জানিয়েছেন, মাতৃত্ব-পরবর্তী কঠিন সময় কাটিয়ে তিনি এখন আবার অভিনয়ে ফেরার জন্য প্রস্তুত। ইতোমধ্যে নতুন একটি সিনেমার কাজ শুরু করার কথাও জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে বলিউডে নারীদের চরিত্রায়ন নিয়েও কথা বলেছেন রিচা। তাঁর মতে, পুরুষদের লেখা ‘প্রগতিশীল নারী’ চরিত্রের তুলনায় নারীদের নিজেদের লেখা নারী চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত হয়।
তিনি বলেন, অনেক সময় নারী স্বাধীনতা বোঝাতে চরিত্রটির হাতে শুধু মদের বোতল ধরিয়ে দেওয়াকেই প্রগতিশীলতার প্রকাশ হিসেবে দেখানো হয়। তাঁর মতে, নারীর অভিজ্ঞতা ও স্বাধীনতার আরও গভীর এবং বাস্তব দিক পর্দায় তুলে ধরা প্রয়োজন।
মাতৃত্ব তাঁর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন রিচা। এআই ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, মেয়ের ভবিষ্যৎ পৃথিবী নিয়ে এখন তিনি আগের চেয়ে বেশি ভাবেন।
মেয়েকে কীভাবে বড় করবেন—এ প্রসঙ্গে রিচা বলেন, চারপাশের পৃথিবী থেকেই সে অনেক কিছু শিখবে। তবে তিনি চান, তাঁর মেয়ে যেন কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে ভয় না পেয়ে নিজের মতো করে জীবনযাপন করতে শেখে।
২০২৪ সালের জুলাইয়ে অভিনেতা আলি ফজলের সঙ্গে প্রথম কন্যাসন্তান জুনেইরা ইদা ফজল-এর বাবা-মা হন রিচা চাড্ডা ও আলি ফজল। সন্তান জন্মের পর শারীরিক পুনরুদ্ধার, মাতৃত্ব এবং প্রযোজনার দায়িত্ব সামলে এবার আবার অভিনয়ে নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।