ঢাকা: সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল ও গাড়ির চালক-আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে জীবনের ঝুঁকি এড়াতে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহী—উভয়েরই মানসম্মত হেলমেট পরা বাধ্যতামূলক। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজনের বেশি ওঠা যাবে না। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে উচ্চশব্দের বা হাইড্রোলিক হর্ন বাজানো থেকেও বিরত থাকতে হবে।
পুলিশ নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের চলাচল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থেকে দুর্ঘটনা এড়াতে বলা হয়েছে।
যেকোনো মোড় বা টার্ন নেওয়া এবং লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর লাইট ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ঝড়, বৃষ্টি ও কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় যানবাহনের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ। এসব পরিস্থিতিতে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে চালকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারিয়ে বেপরোয়া আচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। মাদকাসক্ত বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না।
পুলিশের নির্দেশনায় উল্টো পথে যানবাহন চালানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে নিজস্ব লেনে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
চালকদের যানবাহনের প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্যও আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সড়কে দুর্ঘটনা কমাতে চালক ও আরোহীদের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।