সারাদেশ

মতলব উত্তরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে ৩৬ বছর বয়সী মোঃ রবিন হোসেন নিখোঁজ হয়েছেন।

ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রবিন হোসেন শরিয়তপুর জেলার নড়িয়া প্রেমতলা এলাকার হায়দার আলীর ছেলে। লঞ্চে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর শ্বশুর বাড়িতে আসছিলেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। এ সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন ওই যুবক।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

স্থানীয় সৈকত বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালান।

এদিকে, ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সকাল ১১টা ৪৫ মিনিটে খবর পায় চাঁদপুর নদী ফায়ার সার্ভিস। এরপর আবহাওয়া ও নদীর পরিস্থিতির কারণে সড়কপথে ঘটনাস্থলের দিকে রওনা হয় ফায়ার সার্ভিসের দল। প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

ঘটনাস্থলে চারজন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ। তিনি বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত নিখোঁজ যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নদীতে স্রোত ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Related News

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

শারজাহ চ্যারিটির অর্থায়নে মতলব উত্তরের নবুরকান্দিতে নতুন জামে মসজিদের উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গজরা ইউপি নির্বাচনে রাজুরকান্দি গ্ৰামবাসীর সমর্থন পেলেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের

মতলব উত্তরের গজরা ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের সমর্থনে রাজুরকান্দিতে মতবিনিময় সভা।

মতলবে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখা উদ্বোধন

মতলব দক্ষিণ দেওয়ান সুপার মার্কেটে জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘কিজুনা গ্লোবাল’-এর নতুন শাখার উদ্বোধন।

মতলব উত্তরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে সিফাত নামের এক শিশুর মৃত্যু।

লালমনিরহাটে লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্গীয় লাইচি বাঁসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

মোগলহাট সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ।

পাইকগাছায় বিধবা মহিলা’র হাঁতুড়িপেটা করে আহতের ঘটনায় থানায় অভিযোগ

খুলনার পাইকগাছায় গভীর রাতে বিধবা নারী সান্তনা দাশকে হাতুড়িপেটার ঘটনায় থানায় অভিযোগ, অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস।

পিচ নেই, গর্তই গর্ত! বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

মতলব উত্তরের ফরাজীকান্দি-ছোটহলদিয়া সড়কের পিচ উঠে গিয়ে দেখা দিয়েছে বিশালাকার গর্ত, চরম ঝুঁকিতে যাতায়াতকারীরা।

Search