জাতীয়

‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ নিউইয়র্কে বিনিয়োগকারীদের: তারেক রহমান

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার—বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ম্যানহাটনের ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এসব কথা বলেন।

বৈঠকে নিজের ব্যবসায়িক কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ প্রয়োজন।

জেপি মর্গান এবং বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসেবে তাঁর দায়িত্ব বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাঁদের ব্যবসা ও বিনিয়োগের স্বার্থ রক্ষায় কাজ করেন। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের লক্ষ্য সাফল্য নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। একই সঙ্গে বৈশ্বিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনীতির সুযোগগুলো সরাসরি তুলে ধরতে চান।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। দেশটির রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান।

তাঁর ভাষ্য, বাংলাদেশকে বিশ্ব বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। তবে তৈরি পোশাকের পাশাপাশি আরও বিভিন্ন খাতে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবাকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং অবকাঠামো উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিনিয়োগকারীরা কোনো দেশের বক্তব্যের চেয়ে বাস্তবে কী ঘটে, তার ভিত্তিতে দেশটিকে মূল্যায়ন করেন। বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন কতটা দক্ষতার সঙ্গে স্থানান্তর করা যায় এবং মুনাফা কতটা সহজে দেশে ফেরত নেওয়া যায়—এসব বিষয় বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন অংশীদারত্বের উদ্যোগ এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথাও তুলে ধরেন তিনি।

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক সংযোগ স্থাপনে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারেক রহমান।

বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট তৈরি হয়েছে এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

বৈঠকে ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং তাঁদের স্বার্থ ও সুনির্দিষ্ট বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো—আরও বিনিয়োগ, আরও বাণিজ্য, আরও কর্মসংস্থান, আরও প্রযুক্তি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব।

বিনিয়োগকারীদের বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাঁদের সঙ্গে কাজ করতে, তাঁদের কথা শুনতে এবং যেখানে সম্ভব বাধা দূর করতে প্রস্তুত।

বৈঠকে ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Related News

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর বার্তা।

জাসদ কার্যালয় থেকে আবু জাফর সূর্যসহ অনেকে আটক

রাজধানীর গুলিস্তানের জাসদ কার্যালয় থেকে ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

খেলতে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

খেলতে গিয়ে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাদের ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। গ্রেপ্তারে ভূমিকা রাখলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন।

আগামী সপ্তাহে পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট

সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে এর শাখা।

ডিসেম্বরের মধ্যেই পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর সদস্যদের চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই আচরণ ও দায়িত্ব পালনে পরিবর্তন দেখানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

আ.লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের সিদ্ধান্ত: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কের অস্বস্তি নিরসনে দুই দেশকে কাজ করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বীরত্ব ও সেবার স্বীকৃতি, পুলিশ পদক পেলেন ৯২ সদস্য

সাহস ও বীরত্ব, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, সেবায় অনন্য অবদান ও উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।

Search