বিশ্ব বক্স অফিসে শীর্ষ ২০ বাজারে যুক্তরাষ্ট্র-ভারতের দাপট
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্ব বক্স অফিসে যুক্তরাষ্ট্র, ভারত ও চীন শীর্ষ বাজারে রয়েছে। স্থানীয় সিনেমা, অ্যানিমেশন ও হলিউডের বড় চলচ্চিত্রে সরব বিশ্ব সিনেমার বাজার।
বিনোদন: ২০২৩ সালের মার্চে সাবেক ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। রাজস্থানের উদয়পুরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের অনুষ্ঠান ছিল অত্যন্ত ব্যক্তিগত, যেখানে বলিউডেরও খুব বেশি তারকা উপস্থিত ছিলেন না।
বিয়ের প্রায় তিন বছর পরও সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনেননি তাপসী। সম্প্রতি নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি ব্যক্তিগত রাখার কারণ জানিয়েছেন তিনি।
বিয়ের তারিখ কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি—এমন প্রশ্নের জবাবে তাপসী বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনকে তিনি সবসময় আলাদা রাখতে চেয়েছেন।
তাঁর ভাষায়, ‘আমি কেন বিয়ের ঘোষণা প্রকাশ্যে দেব? আমি সবসময় আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছি। এর মানে এই নয় যে আমি এসব লুকাতে চাই, ভয় পাই বা লজ্জিত। কিন্তু আমি কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।’
অভিনেত্রী আরও বলেন, বিয়ে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। তাই বিয়ের জন্য প্রেস নোট প্রকাশ করা কিংবা একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করার বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়।
তাপসী জানান, বিয়েতে আমন্ত্রিত অতিথিদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করেছিলেন তারা। তবে এরপরও অনুষ্ঠানের একটি ভিডিও ফাঁস হয়ে যায়।
এ ঘটনাকে নিজের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেন তাপসী। তাঁর মতে, পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত এমন কিছু মানুষও অনুষ্ঠানে ছিলেন, যাদের তিনি ব্যক্তিগতভাবে খুব একটা চেনেন না। ফলে তাদের সবাই হয়তো অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার অনুরোধটি ঠিকভাবে বুঝতে পারেননি।
বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফোন নিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করেননি তাপসী। এমন উদ্যোগকে তিনি ‘শিশুসুলভ’ আচরণ বলে মনে করেন।
তাঁর মতে, কাউকে বাধা না দিয়ে অতিথিদের শুধু অনুরোধ করাই যথেষ্ট ছিল—ছবি তুললেও যেন সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা হয়।
তাপসী বলেন, বিয়ের ছবি বা ভিডিও প্রকাশ্যে এলে সেটি শুধু তাঁর ব্যক্তিগত বিষয় থাকে না। এর সঙ্গে পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ব্যক্তিগত পরিসরও জড়িয়ে যায়।
স্বামী ম্যাথিয়াস বোয়ের ব্যক্তিগত পরিসর নিয়েও সচেতন তাপসী। তিনি বলেন, ম্যাথিয়াস একজন ক্রীড়াবিদ হলেও তাঁর মতো নিয়মিত জনসম্মুখে থাকা ব্যক্তি নন।
তাপসীর ভাষ্য, একজন অভিনেত্রী হিসেবে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ ও নজরদারির সঙ্গে তিনি অভ্যস্ত। কিন্তু ম্যাথিয়াস এ ধরনের পরিস্থিতির জন্য একইভাবে প্রস্তুত নন। তাই স্বামীর ব্যক্তিগত জীবন ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও বিবেচনায় রেখেই বিয়ের বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছেন তিনি।
তাপসীর মতে, ব্যক্তিগত জীবনের সবকিছু জনসমক্ষে তুলে ধরতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত পরিসরও নিজের মতো করে সংরক্ষণ করতে চান তিনি।