প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড প্রযুক্তিকে কেন্দ্র করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাজের অগ্রগতির কথা জানিয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। গত ২৯ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত জমকালো ‘অনার কানেক্ট’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে শুধু স্মার্টফোন নয়, বরং একটি বড় পরিসরে কানেক্টেড স্মার্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের বাজারে প্রথমবারের মতো নজরকাড়া ‘রোবট ফোন’ প্রদর্শন এবং অনারের নতুন ব্র্যান্ড লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অনারের নতুন স্লোগান ‘ডেয়ার টু বি’র পেছনের দর্শন তুলে ধরে জানানো হয়, প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন চাহিদার সঙ্গে আরও নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে বহুল প্রতীক্ষিত ‘অনার ম্যাজিক৯ প্রো’ নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি বিশ্বখ্যাত সিনেমা ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যারি’র (ARRI) সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও সিনেমাটোগ্রাফার সুমন সরকার অ্যারি প্রযুক্তি নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। রায়হান রাফি রোবট ফোনটি সম্পর্কে বলেন, এর অনন্য ক্যামেরা মুভমেন্ট ও সহজে ব্যবহারযোগ্যতা পরীক্ষামূলক শর্ট ফিল্ম নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, “ফোন এখন আমাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশমাত্র। আমাদের ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করতে পারে।”
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশের মানুষ এমন প্রযুক্তি চায় যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সহজে মানিয়ে যায়। রোবট ফোন আমাদের বৃহৎ ইকোসিস্টেমেরই একটি অংশমাত্র।”
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বর্তমানে বাংলাদেশেই স্থানীয়ভাবে বিশ্বমানের কারখানায় অনার ডিভাইস উৎপাদিত হচ্ছে এবং ধাপে ধাপে অনারের অন্যান্য ডিভাইসও দেশের বাজারে নিয়ে আসা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন।
অনুষ্ঠানে একটি বিশেষ এক্সপেরিয়েন্স জোনে অতিথিদের জন্য অনারের বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়। রোবট ফোনের পাশাপাশি সেখানে প্রদর্শিত হয় নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘ম্যাজিক ভি৬’। এছাড়া ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন, স্মার্টওয়াচের পাশাপাশি অনারের নতুন ল্যাপটপ ও আধুনিক ডিসপ্লে প্রযুক্তির ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেলের টিভি প্রদর্শন করা হয়, যা ইঙ্গিত দেয় যে অনার খুব শীঘ্রই দেশের ল্যাপটপ ও টিভি বাজারে বড় পরিসরে প্রবেশ করতে যাচ্ছে।