জাতীয়

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো সমঝোতা ছাড়াই একটি অবৈধ আদেশের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অধীনে এই ছলচাতুরির গণভোট জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়।

আজ রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

গণভোটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চারটি প্রশ্নের বিপরীতে শুধু একটি ‘হ্যাঁ/না’ উত্তরের বিধান রেখে এই গণভোট করা হয়েছিল, যা ছিল সম্পূর্ণ বেআইনি। সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পক্ষে জনগণের সমর্থন আছে কি না, সে বিষয়ে কেবল একটি সুনির্দিষ্ট প্রশ্নে গণভোট হওয়া উচিত ছিল।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, ‘মব কখনো জাস্টিস হতে পারে না। এটি একটি অপসংস্কৃতি। আইনের শাসন কার্যকরভাবে প্রয়োগ না হওয়ার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ উচ্চ ও নিম্ন আদালতে এখনো অনেকে রাজনৈতিক বিবেচনায় বসে আছেন উল্লেখ করে তিনি বলেন, এর ফলে সমাজে অবিচার বাড়ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও বিচার বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গুম প্রতিরোধ নিয়ে সরকারের নতুন পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে আন্তর্জাতিক মানদণ্ড ও দেশীয় সংস্কৃতির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ‘গুম প্রতিরোধ আইন’ আনা হবে। এতে গুমের স্তর, সাজা ও বিচারিক এখতিয়ার নির্দিষ্ট করা থাকবে। এছাড়া দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের আইন যুগোপযোগী করা হবে। তবে মানবাধিকার আইনের ক্ষেত্রে দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে এলজিবিটিকিউ-এর মতো সমাজ-স্বীকৃত নয় এমন কোনো বিষয় চাপিয়ে দেওয়া না হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সুনির্দিষ্ট কাজ ছাড়াই শুধু কিছু ব্যক্তির কর্মসংস্থানের জন্য কয়েকটি কমিশন করা হয়েছিল। গুমের শিকার ভিকটিম বা তাদের পরিবার কোথায় প্রতিকার পাবে, সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই বর্তমান সরকার আইনে পরিণত করেছে বলেও জানান তিনি।

সংবিধানকে একটি পরিবর্তনশীল দলিল হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আদালতের রায়ের মাধ্যমে সংবিধানে ১৪২ অনুচ্ছেদের গণভোট ফিরে এসেছে। তবে প্রস্তাবনা বা মৌলিক বিষয় পরিবর্তনের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে গণভোটের আয়োজন করতে হবে।

আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও আবু সাঈদের মতো অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্টের বিজয় এসেছে। যারা শুধু মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার জন্য জুলাইয়ের চেতনাকে ব্যবহার করছেন, তাদের পুরাতন বন্দোবস্তের আদলে সুযোগ-সুবিধা নেওয়া বন্ধ করতে হবে।

বুদ্ধিজীবী ও বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বন্দোবস্ত’ বা ‘দরদের রাজনীতি’র মতো ভারী শব্দ ব্যবহার না করে বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করা উচিত। নিজেদের হীন স্বার্থে কখনো ৪৭, কখনো ৭১, আবার কখনো ২৪-কে ব্যবহার করার রাজনীতি আর চলবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক রাজনীতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

Related News

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বরে চালু হবে থার্ড টার্মিনাল

অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।

সংসদে আরো ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও দুটি পুনর্গঠন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

Search