রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়িয়েও লিটারে ৭০ টাকা লোকসান: রিজভী

ঢাকা: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা লোকসান গুনতে হবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আপাতত বিকল্প নেই। তবে দাম বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিয়ে লোকসান সামাল দিতে হবে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। ২০ টাকা বাড়ানোর পর নতুন দাম হয়েছে ১৩৫ টাকা। তাঁর দাবি, আন্তর্জাতিক বাজার থেকে প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা ব্যয় হচ্ছে।

এই হিসাব অনুযায়ী, আগে প্রতি লিটারে প্রায় ৯০ টাকা লোকসান হতো এবং দাম বাড়ানোর পরও প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘ভর্তুকি আর লোকসান—তার মানে ভর্তুকি দিয়েই তো এই লোকসানটা গুনতে হয়।’

দেশে বছরে মোট জ্বালানি তেলের ব্যবহার প্রায় ৭০ লাখ মেট্রিক টন এবং এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তবে সরকারি হিসাবে, আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থায় ডিজেলের দাম প্রতি লিটার ২০৫ টাকা হওয়ার কথা থাকলেও জনগণ, কৃষি ও পরিবহন খাতের ওপর চাপ বিবেচনায় সরকার ১৩৫ টাকা নির্ধারণ করেছে এবং বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবের কথা তুলে ধরে রিজভী বলেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, জ্বালানি সরবরাহ ও দামের ওপর তত বেশি চাপ তৈরি হচ্ছে। হরমুজ প্রণালির পরিস্থিতির কারণেও জ্বালানি পরিবহন ও সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কিনতে হয় বলে পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প নেই। তবে দাম বাড়ানোর পরও সরকারকে লোকসান গুনতে হবে বলে তিনি দাবি করেন।

২১ সেপ্টেম্বর থেকে দেশে নতুন জ্বালানি মূল্য কার্যকর হয়েছে। ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা করা হয়েছে।

রিজভী বলেন, সরকারের সমালোচনা করার পাশাপাশি কম দামে জ্বালানি সরবরাহের বিকল্প কী হতে পারে, বিরোধী দলগুলোরও তা বলা উচিত। সরকার বিভিন্ন দেশ থেকে গ্যাস ও জ্বালানি সংগ্রহ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলেও তিনি জানান।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, নির্বাচিত সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম থেকে জনগণের দৃষ্টি সরাতে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

এসব ঘটনার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাশাপাশি অন্য কোনো শক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। প্রশাসনের ভেতরে থাকা সাবেক সরকারের সহযোগীদের বিরুদ্ধেও নাশকতার চেষ্টার অভিযোগ তুলে তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন রিজভী।

তিনি জানান, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো অপপ্রচার ও পরিকল্পিত সহিংসতার বিরুদ্ধে মিছিল, সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও কথা বলেন রিজভী।

তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ সদস্যের প্রতিনিধিদলের কথা বললেও সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে নিউইয়র্কে গেছেন। ২১ সেপ্টেম্বর সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ প্রতিনিধিদলের সদস্যরা রয়েছেন। সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচিও রয়েছে।

Related News

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

Search