অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জ্বর নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে উপজেলা সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন , ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও মশার বংশবিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, বসতবাড়ি, দোকান পাটের নোংরা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করছে।
এসব জায়গায় নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকলে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে ।
সচেতন মহলের দাবি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সঠিক পরিসংখ্যান প্রকাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়, বর্তমানে সেখানে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। কেউ বিছানায় এবং কেউ ফ্লোরে চিকিৎসারত রয়েছেন ।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, জুলাই মাসে ১২৫ জন, আগষ্ট মাসে ১৬১ জন সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ১৯২ জন চিকিৎসা নিয়েছেন। তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।