প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে; শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং হামলার ধরন দেখে মনে হচ্ছে অপরাধীদের ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক; ব্যাংকটি দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব দরিদ্র নারীই ব্যাংকটির মালিক হওয়ায় ব্যাংকের ওপর হামলা তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সহিংসতার ঘটনা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে; এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারণার বিষয়ে তিনি স্পষ্ট করেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার; তিনি নিজে ব্যাংকটির মালিক নন এবং কখনো ছিলেনও না। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে এর ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
বিবৃতিতে জানানো হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখা যায়। যেখানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান ড. ইউনূস। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে তাঁরা যেন সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখেন। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।