নিজস্ব প্রতিবেদক:
মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে লিখিত টোকেনের মাধ্যমে অর্থ আদায় এবং টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন।
সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরা ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে লিখিত টোকেনের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে টোকেন দেখিয়ে নদীতে মাছ ধরার সুযোগ দেওয়ার পাশাপাশি টোকেন না থাকলে জেলেদের কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। এ অভিযোগের প্রতিবাদে জেলেদের মানববন্ধনের বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয়েছিল।
প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বলেন, তার ফাঁড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে টোকেনের মাধ্যমে অর্থ আদায়ের যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। একই সঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হওয়া এলাকাটি তার দায়িত্বাধীন নৌ পুলিশ ফাঁড়ির আওতাভুক্ত নয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এবং ঘটনার প্রকৃত তথ্য যাচাই করা প্রয়োজন।
এদিকে, মেঘনা নদীতে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের প্রতিবাদ—উভয় বিষয়কে ঘিরে সচেতন মহলে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগের প্রকৃত সত্য উদঘাটন, সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই এবং তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টির সঠিক চিত্র জনসম্মুখে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।