শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে যোগ্য নাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং ও বিদ্যুৎ খাতে লুটপাটের চিত্র তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করায় আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না এবং খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়মের কারণে ব্যাংকিং খাতের এই করুণ দশা তৈরি হয়েছে এবং বিদ্যুৎ খাতে ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে উল্লেখ করে তিনি এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা চলছে এবং ফেসবুকে গালিগালাজের অপসংস্কৃতিসহ অনিবন্ধিত পোর্টালের ভুয়া সংবাদ রোধে সরকার কাজ করছে। পাশাপাশি নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হবে বলে তিনি জানান। গ্রহণযোগ্যতাকে গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। এ ছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয় এবং জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তিনি বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।