গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রুহুল কবির রিজভী
গুম-খুন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’ সরকার দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে এবং নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
খেলাধুলা ও বহুভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নিতে হবে, যেখানে ছয়-সাতটি খেলা থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি বিদেশি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতি, প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে। বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’ মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
উল্লেখ্য, সোমবার ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংসদ অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন।