ডেঙ্গু বাড়ছে অভয়নগরে, মশক নিধন কার্যক্রম কোথায়?
যশোরের অভয়নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মশক নিধন কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা।
ঢাকা: রাজধানীর মিরপুরে অতর্কিত হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই অবশেষে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়েছে। তবে কক্ষটিতে এখনো বিদ্যুৎ ও পানির সংযোগ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা শিশু, তাদের স্বজন এবং স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টারের একটি ভাঙা কক্ষেই শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এর আগে গত শনিবার ও রোববার সেন্টারের বাইরে খোলা আকাশের নিচে সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকাদান কর্মসূচি চালিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, ভাঙা কক্ষটিতে কয়েকটি চেয়ার-টেবিল পেতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শিশু ও মায়েদের বসার জন্য মাত্র ৮ থেকে ১০টি চেয়ার রাখা হয়েছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শিশুরা; গরমে অস্বস্তিতে অনেক শিশুকে কান্নাকাটি করতেও দেখা যায়। পাশাপাশি, কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে কংক্রিট ও ইটের টুকরা সরানোর ভারী কাজ চলায় চারপাশজুড়ে প্রচুর ধুলাবালু উড়ছে, যা শিশু ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সাড়ে চার মাস বয়সি শিশুকে টিকা দিতে আসা লাবনী বেগম আক্ষেপ করে জানান, ভাঙা ঘরে কষ্ট করে হলেও টিকা দিতে পেরেছেন ঠিকই, কিন্তু তীব্র গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, কোনো রকমে একটি কক্ষ পরিষ্কার করে স্বাস্থ্যসেবা চালু করা হলেও স্বাভাবিক পরিবেশে সেবা দেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। তিনি বলেন, এখানে পানি, বিদ্যুৎ ও শৌচাগারের কোনো সুব্যবস্থা নেই। সেবাগ্রহীতা মা ও শিশুদের পাশাপাশি আমাদের নারী স্বাস্থ্যকর্মীরাও চরম অস্বস্তির মধ্যে রয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে কেন্দ্রটির অবশিষ্ট অংশ সংস্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে রাড্ডা সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রতিষ্ঠানটির অভিযোগ, ২০০ থেকে ২৫০ জনের একটি দল বিভিন্ন সরঞ্জাম নিয়ে কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও টিকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এমনকি এক্সকাভেটর দিয়ে পাকা ও আধা পাকা ভবন ভেঙে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হলেও মূল নেপথ্যের কুশীলবরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
উল্লেখ্য, মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবার ভরসাস্থল হিসেবে ১৯৭৪ সালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। শিশুস্বাস্থ্য, টিকাদান ও পরিবার পরিকল্পনাসহ নানা জরুরি সেবা দিয়ে আসা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে সচল রাখতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।