খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে বলে তীব্র ক্ষোভ ও মন্তব্য করেছেন ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম। সাবেক এই বিশ্বচ্যাম্পিয়ন ডিফেন্ডার মনে করেন, ফিফার এমন বাণিজ্যিকীকরণ ফুটবলের মূল চেতনাকে নষ্ট করছে।
তিনি বলেন, ‘বিশ্বকাপ এখন বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে চরমভাবে ক্ষুণ্ন করছে। এর ফলে বিশ্বজুড়ে সাধারণ সমর্থকদের মধ্যে বড় ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ফিফা এবং ফুটবল বিশ্বকাপকে আলাদা করে দেখা সমর্থকদের জন্য সত্যিই কঠিন হয়ে উঠছে।’
চলতি বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে প্রশ্ন তুলে জার্মান সংবাদপত্র ‘ডি জাইট’-এর একটি কলামে লাম লিখেছেন, ‘ফিফার বিরুদ্ধে টিকিটের প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। তারা কৃত্রিম চাহিদা তৈরি করে নিজেদের আয় সর্বোচ্চ করার চেষ্টা করছে।’
এবারই প্রথম ১৬টি দল বাড়িয়ে মোট ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ফুটবল বিশ্ব সংস্থা প্রায়ই প্রতি দুই বছরে একবার বিশ্বকাপ আয়োজনের যে আলোচনা সামনে আনে, সেটির সঙ্গেও দ্বিমত প্রকাশ করেছেন লাম। তিনি লিখেছেন, ‘যেকোনো বড় টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব ধরে রাখতে হলে সেটির যথাযথ প্রস্তুতি ও পরবর্তী দীর্ঘ বিরতির কার্যক্রম প্রয়োজন।’
তবে ৪৮ দলের এই বর্ধিত বিশ্বকাপকে স্বাগত জানিয়ে তিনি এর একটি ইতিবাচক দিকও উল্লেখ করেন। লাম বলেন, দল বাড়ার কারণে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো উদীয়মান দলগুলোর জন্য বিশ্বমঞ্চে নতুন গল্প ও রূপকথা তৈরি করার দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে।