বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন পর একটা আশার আলো দেখা গেছে। সেই আলোটার নাম — সংলাপ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার, ২৩ নভেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
একই সঙ্গে আমরা স্বাগত জানাই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে। গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তিনিই সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন — এটা তাঁর রাষ্ট্রনায়কসুলভ উদারতার প্রমাণ।
একটি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কিছুই হয় না। না আইনশৃঙ্খলা ঠিক থাকে, না অর্থনীতি চলে, না উন্নয়ন হয়। আজ দেশে যে অস্থিরতা, যে অবিশ্বাস — এর সমাধান রাজপথে সংঘাত করে হবে না। এর সমাধান হবে টেবিলে বসে।
সংলাপ মানে দুর্বলতা নয়। সংলাপ মানে সাহস। সংলাপ মানে — আমি দেশটাকে দলের ঊর্ধ্বে রাখলাম।
সংলাপ কী কী ঠিক করে দিতে পারে? প্রথমত, আইনশৃঙ্খলা। সরকার ও বিরোধী দল একসঙ্গে বললে — আমরা শান্তি চাই — তখন মাঠ শান্ত হয়, মানুষ স্বস্তি পায়।
দ্বিতীয়ত, রাজনীতি। সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ঐকমত্য তৈরি হলে সংসদের অচলাবস্থা কাটবে।
তৃতীয়ত, অর্থনীতি ও উন্নয়ন। দেশে স্থিতিশীল ব্যবস্থা বিরাজমান থাকলেই উন্নয়ন সম্ভব। স্থিতিশীলতা থাকলেই বিনিয়োগ আসে, চাকরি হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।
এখন দরকার সব পক্ষের আন্তরিকতা। এনসিপি বলেছে, ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে তারা সাড়া দেবে। জামায়াত নেতৃত্বাধীন জোটও প্রাথমিকভাবে সাড়া দিয়েছে। এটা খুবই ইতিবাচক।
সংঘাতের রাজনীতি আমরা অনেক দেখেছি। এবার সংলাপের রাজনীতি দেখতে চাই। কারণ দিনশেষে একটাই সত্য — সংলাপই সমাধান। স্থিতিশীলতাই উন্নয়ন। ঐক্যই বাংলাদেশ।
লেখক: রোটারিয়ান এম নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট রাজনীতিক এবং রাষ্ট্রচিন্তক।