দীর্ঘ আট বছর মহাকাশে পথ পাড়ি দেওয়ার পর অবশেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইএসএ জানায়, মহাকাশযানটির থ্রাস্টার বা দিক ও গতি নিয়ন্ত্রণকারী ইঞ্জিন টানা ৩০ মিনিটের বেশি সময় চালু রাখার পর এটি সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করে। বর্তমানে মহাকাশযানটি ইতিমধ্যে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ শুরু করেছে। ২০১৮ সালে যাত্রা শুরু করা চার টন ওজনের এই মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছাতে ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে এবং দীর্ঘ যাত্রায় সৌরজগতের অন্য গ্রহগুলোর কাছ দিয়েও অতিক্রম করেছে।
চলতি বছরের শুরুর দিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশনটির প্রধান সান্তা মার্টিনেজ বলেছিলেন, এই অভিযান বুধের এমন সব দৃশ্য ও তথ্য মানবজাতির সামনে তুলে ধরবে, যা আগে কখনো দেখা যায়নি; একই সঙ্গে এটি সৌরজগৎ সম্পর্কে মানুষের জ্ঞান ও ধারণার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ দুটি আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে। ইউরোপীয় অংশটি গ্রহটির পৃষ্ঠ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার ওপর দিয়ে প্রদক্ষিণ করে বুধের উপরিভাগ পর্যবেক্ষণ করবে। অন্যদিকে, জাপানি অংশটি উপবৃত্তাকার কক্ষপথে বুধ থেকে সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত ঘুরে গ্রহটির চৌম্বকক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে।
বুধ সৌরজগতের এমন একটি গ্রহ, যেখানে তাপমাত্রার ব্যাপক তারতম্য দেখা যায়। গ্রহটির তাপমাত্রা কখনো মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, আবার কখনো বেড়ে ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এ ছাড়া সূর্য থেকে আসা তীব্র বিকিরণের আঘাতও নিয়মিত সহ্য করতে হয় গ্রহটিকে। এর আগে ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো ‘মেরিনার-১০’ মহাকাশযান প্রথমবারের মতো বুধ গ্রহের পাশ দিয়ে উড়ে যায়।