আশুলিয়া সংবাদদাতাঃ
আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করে অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন তিনি।
গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্ত করার জন্যই এই অপচেষ্টা চালানো হচ্ছে।”
জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী, তার বড় ভাই ২০০১ সাল থেকে এবং মেঝো ভাই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দুবাইয়ে প্রবাসে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে সেখানে উপার্জন করে আসছেন। তার দাবি, দুই ভাইয়ের দীর্ঘদিনের প্রবাসী উপার্জনের অর্থ দিয়েই ২০২০ সালে পরিবারের সদস্যদের নামে জমি কেনা হয়েছে। অথচ কয়েকটি অনলাইন পোর্টালে ওই সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
একাধিক প্লটের দাবি, বাস্তবে রয়েছে ৪.৮৪ শতাংশের একটি জমি
প্রকাশিত কয়েকটি সংবাদে জাহাঙ্গীরের মা ও বোনের নামে একাধিক প্লট থাকার কথা উল্লেখ করা হলেও তিনি এই দাবি নাকচ করেছেন। জাহাঙ্গীরের বক্তব্য অনুযায়ী, তাদের নামে একাধিক প্লট নেই; রয়েছে মাত্র ৪.৮৪ শতাংশের একটি জমি, যার ওপর বাড়ি নির্মিত হয়েছে। একাধিক প্লটের মালিকানার তথ্য প্রকাশ করে প্রকৃত সম্পত্তির বিবরণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তার।
জাহাঙ্গীরের দাবি, জমিটি ২০২০ সালে তার দুই প্রবাসী ভাইয়ের উপার্জিত অর্থে কেনা হয়েছে। তাই কোনো তথ্য-প্রমাণ ছাড়াই পারিবারিক সম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ হিসেবে প্রচার করা কতটা যৌক্তিক, সে প্রশ্ন তুলেছেন তিনি।