বগুড়া: বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঠেঙ্গামারা এলাকায় হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।