অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার ফলশ্রুতিতে ভরিতে দুই হাজার টাকার বেশি কমানো হয়েছে স্বর্ণের দাম। মানভেদে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এই নতুন সিদ্ধান্ত জানিয়েছে। আজ দুপুর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
স্বর্ণ ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্য সংশোধনের ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ১৯০ ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস ডটকম’-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে এক দিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮০ ডলার এবং গত এক মাসের ব্যবধানে কমেছে প্রায় ১৫০ ডলার।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ভূরাজনৈতিক নানা অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছিল। বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। বিশ্ববাজারের এই ওঠানামার কারণেই দেশের বাজারেও প্রতিনিয়ত স্বর্ণের দাম সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।