সারাদেশ

মরিয়মের আত্মহত্যার মামলায় আপসনামা, নজরুলের জামিনে আপত্তি নেই বাবার

ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাবন্দী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে আপত্তি নেই—এমন কথা উল্লেখ করে আদালতে একটি আপসনামা দাখিল করেছেন নিহত মরিয়মের বাবা ও মামলার বাদী মো. মাসুম বিল্লাহ। তবে আদালত আপসনামাটি আমলে নেয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন আবেদনের শুনানির সময় আপসনামাটি উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলাটি আপসযোগ্য না হওয়ায় আদালত আপসনামাটি গ্রহণ করেননি।

তবে বয়স ও নারী বিবেচনায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নিয়ে শুনানি হয়েছে।

আদালতে দাখিল করা আপসনামায় প্রথম পক্ষ হিসেবে রয়েছেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ এবং দ্বিতীয় পক্ষ হিসেবে রয়েছেন গাজী নজরুল ইসলামের নিকটাত্মীয় মো. আবদুল হামিদ মোড়ল।

আপসনামায় মাসুম বিল্লাহ উল্লেখ করেন, তাঁর মেয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছিল এবং বিয়ের পর মরিয়ম গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে একসঙ্গে সংসার করছিলেন।

আপসনামায় আরও বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুর থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে ঢাকার নিজ বাসভবনে মরিয়ম আত্মহত্যা করেন। গাজী নজরুল ইসলামের ফোন পেয়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে গিয়ে মেয়ের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন তাঁর বাবা।

মেয়ের জামাইয়ের বাসায় ঘটনাটি ঘটায় তাৎক্ষণিক সন্দেহের ভিত্তিতে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও আরেকজনকে আসামি করে শেরেবাংলানগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা করার কথাও আপসনামায় উল্লেখ করা হয়েছে।

তবে পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের কোনো প্ররোচনা বা কার্যকলাপের কারণে রাগ বা অভিমান করে মরিয়ম আত্মহত্যা করেননি—এমন বক্তব্যও আপসনামায় রয়েছে।

আপসনামার শর্তে বলা হয়েছে, শেরেবাংলানগর থানার মামলা নম্বর ১৬ (৯) ২০২৬, দণ্ডবিধির ৩০৬ ধারার মামলায় আসামি গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে বাদী বা তাঁর পরিবারের কারও আপত্তি থাকবে না।

এ ছাড়া আসামিরা জামিন পেলে উভয় পক্ষ পারস্পরিক হৃদ্যতা ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে এবং বিচারাধীন বিষয়ে উভয় পক্ষ নির্লিপ্ত থেকে বিচারকাজে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আপসনামায় উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, বাদী মাসুম বিল্লাহর উপস্থিতিতেই আসামিপক্ষের আইনজীবী আপসনামাটি আদালতে উপস্থাপন করেছেন। তবে আদালত সেটি গ্রহণ করেননি। তাঁর ভাষ্য, মামলাটি আপসযোগ্য নয়।

সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।

পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গাজী নজরুলের সঙ্গে বিয়ের পর থেকে নির্যাতনের শিকার হওয়ার কথা মরিয়ম তাঁর পরিবারকে জানিয়েছিলেন।

মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলামের দুই দফায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গত সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, গাজী নজরুল ইসলাম তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম এবং প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রথম স্ত্রী মাকছুদাকে নিয়ে সেখানে বসবাসের সময় মরিয়ম মাঝেমধ্যে নজরুলের শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতেন। জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা সম্পর্কে গাজী নজরুলের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

মামলাটির তদন্ত ও পরবর্তী বিচারিক কার্যক্রম এখন আদালতের প্রক্রিয়ায় রয়েছে।

Related News

শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো যুবকের মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশে খড়ের নিচে লুকানো অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিয়ালের টানাটানিতে মরদেহটি দেখতে পান এক কৃষক।

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রয়েছে ভূমিধসের আশঙ্কা।

আমি একজন অফিসার, একজন সার্জেন্ট

‘আমাকে নারী ভাবার কোনো সুযোগ নেই, আমি একজন অফিসার, একজন সার্জেন্ট’—দৃঢ় এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এক নারী ট্রাফিক পুলিশ সার্জেন্ট।

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: জিএম বরখাস্ত

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনায় পল্লী বিদ্যুতের জিএমকে বরখাস্ত করা হয়েছে। গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

যশোরে শার্শা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে ১২ ফুট লম্বা অজগর। পরে বন বিভাগ তা উদ্ধার করে সিংড়া জাতীয় উদ্যানে পাঠায়।

Search