লালমনিরহাট জেলা প্রতিনিধি:
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের মাধ্যমে ২২০টি কম্বল হস্তান্তরের পাশাপাশি জেলাজুড়ে আরও ব্যাপক পরিসরে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আশা সূত্রে জানা গেছে, শিক্ষা কর্মসূচির আওতায় লালমনিরহাটের শীতার্ত মানুষের মাঝে আরও ২২০টি এবং কাকিনা পল্লী স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সরাসরি অতি দরিদ্র মানুষের হাতে ৫৪৯টি কম্বল বিতরণ করা হবে। সব মিলিয়ে চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে আশা।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান বলেন, শীতের শুরুতেই অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশার এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সমাজের সামর্থ্যবান মানুষেরা এভাবে এগিয়ে এলে প্রকৃত দুস্থদের কষ্ট অনেকটাই লাঘব হবে। তিনি অন্য সংস্থা ও বিত্তবানদেরও মানবিক এই কার্যক্রমে শামিল হওয়ার আহ্বান জানান।
আশার লালমনিরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মাসুম আলী বলেন, বরাবরের মতোই দুর্যোগ ও শীতের তীব্রতায় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সারা বাংলাদেশ জুড়ে কাজ করছে আশা। জেলা প্রশাসনের মাধ্যমে কম্বল হস্তান্তরের পাশাপাশি আমাদের শিক্ষা কর্মসূচি ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে অতি দরিদ্র মানুষের কাছে দ্রুততম সময়ে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আশা’র পক্ষে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মাইকেল বিষু বৈদ্য, সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র রায়, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আশাদুজ্জামান সরকার এবং সদর-২ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহফুজার রহমান।
এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।