ব্যুরো অফিস,খুলনা।
আজ শনিবার সকাল ১০:০০ টায় শিক্ষক নেতা ও তরুণ লেখক মোঃ ওমর ফারুকের লেখা “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব জি, এম আইয়ুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও খুলনার জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের সুযোগ্য প্রধানশিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র খুলনা অঞ্চলের সাবেক সভাপতি ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধানশিক্ষিকা জনাব মমতাজ খাতুন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সাবেক জেলা শিক্ষা অফিসার ও যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক এবং মাসিক নয়া ধূমকেতু পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব একেএম গোলাম আযম। অন্যান্যদের মধ্যে খুলনা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্মানিত প্রধানশিক্ষকগণ এবং সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন – মাধ্যমিক শিক্ষা হলো একটি জাতির শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দীর্ঘদিন ধরে এ স্তরের শিক্ষা এবং শিক্ষার মূল কারিগর হিসেবে শিক্ষকগণ নানামুখী বৈষম্য অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। লেখক তার বইয়ে সেই বৈষম্যের ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত অসঙ্গতি এবং বঞ্চনার বাস্তব চিত্র চমৎকার ভাবে তুলে ধরেছেন। তারা আরো বলেন, এই বইটি কেবল অতীতের দলিল নয় বরং মাধ্যমিক শিক্ষার ন্যায্য অধিকার ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার একটি যুক্তি নির্ভর প্রয়াস। বক্তাগণ লেখকের এবং “মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস” বইয়ের সাফল্য কামনা করেন।