চট্টগ্রাম: চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ আসামিদের বিরুদ্ধে আরও সাক্ষ্যগ্রহণ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
এ নিয়ে মামলাটিতে মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মোকাররম হোসাইন। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বুধবার আরও চারজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়েছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত মামলায় মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. মশিউর রহমান গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী এবং সাবেক ব্যাংক কর্মকর্তা বজল আহমদ বাবুলসহ মোট ৩৬ জনকে।
মামলাটিতে অর্থ আত্মসাতের অভিযোগের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও শুনানি হওয়ার কথা রয়েছে।