কুড়িগ্রাম: ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘ মেয়াদে সাজা ভোগ শেষে একই দিনে কুড়িগ্রামের দুটি সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এর মধ্যে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে এক নারীসহ তিনজন এবং রৌমারী সীমান্ত দিয়ে আরও দুজন দেশে ফিরে আসেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকে বিজিবির সোনাহাট বিওপির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে তাঁদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।
ফিরে আসা এই তিনজন হলেন—কুড়িগ্রামের কচাকাটা থানার সোভারকুটি গ্রামের আবদুল জলিল (২৯), একই এলাকার মো. মোজাফফর হোসেন (২২) এবং ঢাকার যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার শারমীন বেগম (২৫)। বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর আসাম পুলিশ তাঁদের আটক করেছিল। এরপর আবদুল জলিল ও মোজাফফর হোসেন ৩৩ মাস এবং শারমীন বেগম ২৮ মাস করে ভারতীয় কারাগারে সাজা ভোগ করেন। সাজা শেষে আইনি প্রক্রিয়ায় তাঁদের ফেরত পাঠানো হয়।
ফিরে আসা মোজাফফর হোসেনের ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকার নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত কুয়াশার কারণে তাঁরা ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিলেন, যার ফলে বিএসএফ তাঁদের আটক করে।
এদিকে একই দিনে রৌমারী সীমান্ত দিয়ে আরও দুই বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের স্থলবন্দর দিয়ে তাঁদের দেশে ফেরত আনা হয়।
এই দুজন হলেন—শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের ওসমান বিন হাসান এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আবদুল হাই। ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের বাংলাবাজার বিওপির সদস্যরা ভারতের আসাম রাজ্যের মাইনকারচর সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের কাছ থেকে তাঁদের গ্রহণ করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁদেরও স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।