ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতেই সরকার এই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে।
তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির প্রকৃত উন্নতি পরিমাপ করা যায় না; দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত সমৃদ্ধি সম্ভব এবং নবীনরাই গড়বে আগামীর বাংলাদেশ। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে এবং প্রথম ধাপে সারা দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।