নিজস্ব প্রতিবেদক: সংকটাপন্ন পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে আমানতের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনেই শাখা ও উপশাখাগুলোতে আমানতকারীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) কার্যক্রমের প্রথম দিনে প্রায় ১৮ হাজার ব্যক্তি আমানতকারী নিজেদের জমানো ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের জন্য আবেদন জমা দিয়েছেন। ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়।
গ্রাহকদের ভোগান্তি কমাতে নির্ধারিত নিয়ম অনুযায়ী শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের স্বাগত জানিয়ে আবেদন ফরম গ্রহণ করছেন। প্রাপ্ত আবেদনগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি, সঞ্চয়ী এবং মেয়াদি আমানতের মূল টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন। তবে এই বিশেষ প্রক্রিয়ায় টাকা তুললে কিছু শর্ত প্রযোজ্য হবে।
আমানতের মূল টাকা তুলে নিলে সেই টাকার বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা প্রদান করা হবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট হিসাবটি পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচিত হবে।
হস্তান্তরিত ব্যাংকে গ্রাহকের কোনো বকেয়া ঋণ বা অন্য কোনো দায় থাকলে, ফেরতযোগ্য আমানত থেকে তা আগে সমন্বয় করা হবে। যেসকল গ্রাহক এখনই টাকা তুলবেন না, তাঁদের হিসাব সচল থাকবে এবং চুক্তি অনুযায়ী তাঁরা নিয়মিত মুনাফা পাবেন।
মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে আংশিক বা পুরোটা ভাঙলে মূল টাকা পাওয়া যাবে; আংশিক তুললে অবশিষ্ট টাকার ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা বহাল থাকবে।