সারাদেশ

সখীপুরে মায়ের হাতে ৩ বছরের শিশু নিহত, গুরুতর আহত ৭ বছরের মেয়ে

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে মায়ের হাতে ছুরিকাঘাতে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির সাত বছর বয়সী সৎবোন গুরুতর আহত হয়েছে। পুলিশ অভিযুক্ত মা আকলিমা বেগমকে (৩২) আটক করেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুজিবনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আশরাফুল ইসলাম (৩ বছর ৪ মাস)। আহত সিদরাতুল মুনতাহাকে (৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আশরাফুলের বাবা শাহীন মিয়া বলেন, ‘ওই ঘরেই আলাদা কক্ষে আমার বৃদ্ধ মা শুয়েছিল। বাচ্চাদের কান্না শুনে আমার মা ঘুম থেকে জেগে ঘরের দরজা খুলে দেন। গিয়ে দেখি দুই সন্তানকেই কুপিয়েছে আকলিমা। আকলিমা কীভাবে এটা পারল? নিজের সন্তানকে কি কেউ মেরে ফেলতে পারে?’

কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাহীন মিয়া।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে নাসিমা আক্তারকে বিয়ে করেন শাহীন মিয়া (৫০)। তাঁদের কোনো সন্তান না হওয়ায় নাসিমার সম্মতিতে প্রায় পাঁচ বছর আগে আকলিমাকে বিয়ে করেন তিনি। আকলিমার আগের ঘরের মেয়ে সিদরাতুল মুনতাহাকেও নিজের সংসারে নিয়ে আসেন শাহীন। বিয়ের প্রায় এক বছর পর আকলিমার ঘরে জন্ম নেয় আশরাফুল।

আশরাফুলের বয়স যখন প্রায় এক বছর, তখন আকলিমা ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। চাকরির কারণে মুনতাহা ও আশরাফুলকে বাড়িতে রেখে যান তিনি। এরপর বড় মা নাসিমার কাছেই দুই শিশু বড় হতে থাকে। স্থানীয়দের ভাষ্য, আশরাফুল নাসিমাকে ‘মা’ বলে ডাকত।

তিন দিন আগে পোশাক কারখানা থেকে সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন আকলিমা। বুধবার রাতে আশরাফুল বড় মায়ের সঙ্গে থাকতে চাইলে এ নিয়ে নাসিমা ও আকলিমার মধ্যে বিরোধ হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে আশরাফুল আকলিমার ঘরেই ছিল।

রাত সাড়ে ১২টার দিকে ঘুম থেকে উঠে আশরাফুল বড় মায়ের ঘরে যেতে চাইলে আকলিমা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য। একপর্যায়ে তিনি আশরাফুল ও মুনতাহাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন বলে অভিযোগ।

ঘটনার পর বাড়ির লোকজন আকলিমাকে আটক করেন। পরে তাঁকে বাড়ির উঠানে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত দুই শিশুকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুনতাহাকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান বলেন, দুই সন্তানকে ছুরি দিয়ে আঘাত করার পর আকলিমা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বাঁ হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত আশরাফুলের বাবা শাহীন মিয়া এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম।

Related News

ভারতে থাকা দণ্ডপ্রাপ্তরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন

ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সহযোগিতা চেয়েছেন মাহদী আমিন।

নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে পেট চিরে বলেশ্বরে ফেলার সাক্ষ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির। তাঁর সাক্ষ্য অনুযায়ী, নজরুল ইসলামসহ চারজনকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬৫ টাকা নির্ধারণ

জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোরআনের পাখিদের’ জন্য অটোভ্যান ফ্রি করেছেন ইয়ার মাহমুদ

নবজাতক সন্তান হারানোর শোকে মানত করে টাঙ্গাইলের ইয়ার মাহমুদ গত এক দশক ধরে মাদ্রাসাছাত্র ও আলেমদের বিনা ভাড়ায় অটোভ্যানে যাতায়াত করাচ্ছেন।

ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এল ৪৭ লাখ লিটার ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে।

বেক্সিমকোর ৯৯৩ কোটি টাকার ঋণ, নিলামে কোনো ক্রেতা মেলেনি

৯৯৩ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি ও সম্পত্তি নিলামে তুলেছিল রূপালী ব্যাংক, তবে কোনো ক্রেতা পাওয়া যায়নি।

ইউসিবির২৫ কোটি টাকা আত্মসাৎদের মামলা: সাবেক ভূমিমন্ত্রী

চট্টগ্রামে ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঢাকার ছাদে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস ‘আকাশ নীড়’

ঢাকার কংক্রিটের নগরীতে পাখি ও জীববৈচিত্র্যের নিরাপদ আবাস হিসেবে গড়ে উঠেছে ‘আকাশ নীড়’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এ ছাদবাগানে রয়েছে ৫৮ প্রজাতির ৪১৮টি গাছ।

Search